২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায় জেলায় মামলা, আসামি সহস্রাধিক

অবরোধের প্রথম দিন পুলিশের সঙ্গে বিএনপি ও শরিকদের সংঘর্ষের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 09:15 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

যশোর, চাঁদপুর, জামালপুর ও গাইবান্ধা পুলিশের করা এসব মামলায় বিএনপি-জামায়াতের সহস্রাধিক নেতা কর্মীকে আসামি করা হয়েছে। গাড়ি পোড়ানো, বিস্ফোরক ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-

যশোর

যশোরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

বুধবার বিকালে গাড়ি পোড়ানো ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দুটি করেন কোতোয়ালি থানার এসআই শাহিনুর রহমান।

যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টা এবং বুধবার ভোরে শহরের দুই স্থানে তিনটি গাড়ি পোড়ানোর ঘটনায় এ মামলা করা হয়েছে।

মামলায় বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুর রশিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সভাপতি ও যশোর পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সহ-সভাপতি গোলাম রেজা দুলু, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, ছাত্রদল সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, ইসলামী ছাত্র শিবিরের জেলা পূর্ব শাখার সভাপতি তাওহিদুল ইসলাম মুকুলসহ ৪৯ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে আটজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

চাঁদপুর

চাঁদপুরের হাজীগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির সাতশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

মামলায় ৮০ জনের নাম উল্লেখ এবং অন্যদের অজ্ঞাত পরিচয়ের আসামি করা হয়।

হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, অবরোধের নামে বিএনপি কর্মীরা টোরাগড় এলাকায় কভার্ড ভ্যান, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে হামলা ও ভাংচুর করে আসছিল।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে শাহরাস্তি, হাজীগঞ্জ, কচুয়া ও চাঁদপুর পুলিশ লাইনের সদস্যরা  একযোগে অভিযান চালায়।

ওই সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। রাত ১০টা থেকে ১টা পর্যন্ত বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

জামালপুর

অবরোধ চলাকালে ট্রাক ও অটোরিকশা ভাংচুরের ঘটনায় জামালপুর সদর থানায় বিএনপির ৮৮ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয় জনকে গ্রেপ্তার করেছে।

জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার জানান, মঙ্গলবার দুপুরে শহরের বগাবাঈদ এলাকায় একটি অটোরিকশা ভাংচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে সদর থানার এসআই জয়নাল আবেদীন বাদী হয়ে দ্রুত বিচার আইনে ৬৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

এছাড়া মঙ্গলবার দুপুরে শহরের বাগেরহাটা এলাকায় একটি ট্রাক ভাংচুরের ঘটনায় ট্রাক চালক নাজমুল হক বাদী হয়ে সদর থানায় আরেকটি মামলা করেন।

ওই মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, বুধবার পুলিশ দুই মামলায় নয় জনকে গ্রেপ্তার করেছে।

গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ি ভাঙচুর, হাতবোমার বিস্ফোররণ ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে।

পলাশবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুর রউফ বাদী হয়ে মঙ্গলবার রাতে এ মামলা করেন।

মামলায় বিএনপি ও জামায়াত শিবিরের ৮৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়ের ১২০ জনকে আসামি করা হয়েছে।

পলাশবাড়ী সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রউফ জানান, অবরোধ চলাকালে মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর ব্র্যাক মোড়, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঠুঠিয়াপুকুর এলাকায় জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বেশ কিছু গাড়ি ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ গাছগুলো সরাতে গেলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতবোমা ফাটিয়ে পুলিশের কাজে বাধা দেয়।