গাজীপুরে চার কারখানাকে জরিমানা
পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে গাজীপুরে চারটি কারখানাকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার বিকালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর দুপুরে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে ওইসব কারখানার মালিক ও প্রতিনিধিকে তলব করেন।
পরে এক শুনানি শেষে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ১৬ লাখ টাকা জরিমানা করেন।
কারখানাগুলোর মধ্যে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প এলাকায় পারমিতা ফ্যাশন্স লিমিটেডকে ৫ লাখ টাকা, মদিনা ওয়াশিং এন্ড ডাইং লিমিটেডকে ৫ লাখ টাকা, হলমার্ক ফার্মাসিউটিক্যালসকে ৩ লাখ টাকা ও গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালসকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সকল কারখানাগুলো পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ না করে অপরিশোধিত বর্জ্য সরাসরি পার্শ্ববর্তী নদী ও জলাশয়ে ফেলে আসছিল বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
