রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন তিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত লিথুনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং রুয়ান্ডা ও নিউজিল্যান্ডের অনাবাসিক হাইকমিশনাররা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে তার কাছে নিজেদের পরিচয়পত্র দিয়েছেন।
বুধবার বাংলাদেশে নিযুক্ত লিথুনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত লাইমোনাস তালাত-কেলপসা, রুয়ান্ডার হাইকমিশনার আর্নেস্ট রোয়ামুউসিও এবং নিউজিল্যান্ডের হাইকমিশনার গ্রাহাম মরটন বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাষ্ট্রদূত এবং হাইকমিশনারদের বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি তাদেরকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি এবং পর্যটন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কাজ করার আহ্বান জানিয়েছেন।”
রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বলেছেন, বাংলাদেশের সঙ্গে তাদের দেশগুলোর সম্পর্ক আরও জোরদার করতে তারা কাজ করবে।
রাষ্ট্রপতির কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালযের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অফ অনার দেয়।
