না’গঞ্জে আ. লীগ-বিএনপি আইনজীবীদের হাতাহাতি
নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে এ ঘটনার পর জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিএনপিপন্থী আইনজীবীরা তাদের পাঁচজন আহত হন বলে দাবি করছেন।
প্রত্যক্ষদশীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ম্পকে কটূক্তি এবং আদালত চত্বরে বহিরাগতদের নিয়ে মিছিল করার প্রতিবাদে বেলা ১২টার দিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখা বিক্ষোভ মিছিল বের করে।
একই সময় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ রাখার ঘটনার নিন্দা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদ এবং অবরোধের সমর্থনে মিছিল বের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এ সময় দুপক্ষ একে অন্যের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অভিযোগ করেন, “আমরা আইনজীবী, আদালত চত্বরে মিছিল ও মিটিং করার অধিকার আমাদের রয়েছে। জজ আদালত চত্বর ও প্রশাসনের প্রাঙ্গণে আমাদের আইনজীবীদের উপর হামলা করা হয়েছে। হামলায় আমাদের পাঁচ আইনজীবী আহত হয়েছেন।”
তিনি ঘটনার জন্য দায়ীদের বিচার দাবি করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগপন্থী অ্যাডভোকেট খোকন সাহা বলেন, “আমরা মানববন্ধন সভা সমাবেশ করি, তখন বহিরাগত সন্ত্রাসী ও চিহ্নিত জামায়াত শিবিরকে নিয়ে আমাদের উপর আক্রমণ করে এবং উসকানিমূলক বক্তব্য দেয়।”
যুবদল নেতারা আইনজীবীদের মিছিলে প্রবেশ করে এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
একইসঙ্গে আদালত চত্বরে বহিরাগত ও জামায়াতে ইসলামীকে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
