২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পুলিশকে লক্ষ্য করে শিবিরের হাতবোমা

বিএনপি-জামায়াত জোটের অবরোধে বগুড়া শহরতলীতে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছুড়েছে ছাত্রশিবির কর্মীরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2015, 02:55 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

তবে শহরতলীর ছিলিমপুর এলাকায় এ বোমাবাজির ঘটনায় কেউ আহত হননি বলে বগুড়ার এএসপি (মিডিয়া) গাজিউর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ছিলিমপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের বাইপাস এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইট ও তিনটি হাতবোমা ছোড়ে শিবিরকর্মীরা।

"এ সময় পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।"

অবরোধের কারণে সড়কপথে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও পুলিশি পাহারায় পণ্যবাহী ট্রাক চলতে দেখা গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে গত সোমবার সারাদেশে লাগাতার এই অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।