২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইটিভির সালামকে রিমান্ডে চায় পুলিশ

এক নারীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত প্রতিবেদেক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 04:24 PM

Updated : 25 Apr 2022, 12:51 PM

ঢাকার গোয়েন্দা পুলিশের পরিদর্শক আক্তারুজ্জামান ইলিয়াস মঙ্গলবার বিকালে সালামকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ক্যান্টনমেন্ট থানার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হেফাজতের আবেদন করেন।

অন্যদিকে সালামের পক্ষে এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন তার আইনজীবী ইউনুস আলী বিশ্বাস।

কিন্তু পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদনের সঙ্গে অভিযোগ সম্পর্কিত নথিপত্র হাজির করতে না পারায় মহানগর হাকিম মেহের নিগার সূচনা রিমান্ড ও জামিন আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে দেন।

আদেশের পর আদালতের নির্দেশনা অনুযায়ী সালামকে কারাগারে নিয়ে যাওয়া হয়।  

মঙ্গলবার ভোরে একুশে টেলিভিশন (ইটিভি) কার্যালয়ের নিচ থেকে সালামকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, একুশে টেলিভিশনের অপরাধ বিষয়ক অনুষ্ঠান  ‘একুশের চোখ’ এর একটি পর্ব নিয়ে কানিজ ফাতেমা নামের এক নারী ওই মামলা দায়ের করেন।

গত ১৭ নভেম্বর তিনি মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করলে বিচারক সেটি ঢাকার ক্যান্টনমেন্ট থানায় পাঠান এবং সেখানেই সেটি এজাহার হিসাবে নথিভুক্ত হয়।

তবে ওই এজাহারে যে চারজনকে আসামি করা হয়েছে তাতে ইটিভি চেয়ারম্যানের নাম ছিল না।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ওই মামলায় আসামি হিসাবে ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকার বাসিন্দা জহিরুল হক ইমরান, মানিকদি মাস্টারটেকের বাসিন্দা জাকির হোসেন ও মো. শাহজালাল এবং একুশে টেলিভিশনের সাংবাদিক মো. ইলিয়াসের নাম রয়েছে।

এর মধ্যে শাহজালাল বাদীর সাবেক স্বামী; আর জহিরুল বাদীর সঙ্গে ‘ধর্মভাইয়ের’ সম্পর্ক পাতিয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। 

এতে বলা হয়, ১৯৯৯ সালে বিয়ের পর থেকেই মাদকাসক্ত শাহজালাল বিভিন্ন সময়ে কানিজ ফাতেমার ওপর নির্যাতন চালাতেন। তার নামে একটি ফ্ল্যাট লিখে দেওয়ার পরও নির্যাতন থামেনি।

এ কারণে ফাতেমা পরে শাহজালালকে তালাক দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।   

বাদী বলেছেন, জহিরুল ‘ধর্মবোন’ ডেকে তার কিছু ভিডিও ধারণ করেছিলেন। তালাকের পর শাহজালাল ও অন্য আসামিদের যোগসাজশে সেই ভিডিও থেকে মুখচ্ছবি নিয়ে অন্য এক নারীর অশ্লীল ভিডিওর ওপর বসিয়ে ইন্টারনেট ও মোবাইল ফোনে ছড়িয়ে দেয়। এলাকায় সেই ছবি দিয়ে পোস্টারও লাগানো হয়। 

এছাড়া গত বছর ৬ নভেম্বর ‘একুশের চোখ’অনুষ্ঠানে বাদিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়।