২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যুবক খুন

রংপুরে পীরগাছা উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 03:27 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার তালুকইশাদ গ্রামের একটি কলা ক্ষেতে লিংকন মিয়ার (২৪) লাশ পাওয়া যায়।

লিংকন মিঠাপুকুর উপজেলার দলশিংপুর গ্রামের দিলদার হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পীরগাছা থানার ওসি হুমায়ুন কবীর জানান, তালুকইশাদ গ্রামের গিলপিন মিয়ার কলা ক্ষেতে একই গ্রামের আব্দুল জলিল, জিয়াউর রহমান ও গাউসুল আজম প্রতিদিন সন্ধ্যার পর জুয়ার আসর বসাতেন। সোমবার ওই আসরে যোগ দেন লিংকন।

মঙ্গলবার সকালে স্থানীয়রা তার লাশ দেখে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন, “লাশের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জুয়ার টাকা নিয়ে লিংকনকে খুন করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় নিহতের বাবা দিলদার হোসেন বাদী হয়ে আব্দুল জলিল, জিয়াউর রহমান ও গাউসুল আজমকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন বলে জানান ওসি।