২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন ছাড়তে খালেদাকে হাসিনার পরামর্শ

সরকার পতনের আন্দোলন থেকে সরে এসে দল গুছিয়ে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 07:40 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে খালেদাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, “নাশকতার পথ পরিহার করে শান্তির পথে আসুন। দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কী কী করতে চান তা মানুষকে জানান। নিজের দলকে গড়ে তুলুন। তাহলেই হয়ত ভবিষ্যতে সম্ভাবনা থাকবে।

তিনি বলেন, চলমান আন্দোলনে জন সমর্থন পাবেন না বিএনপি নেত্রী।

চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে শেখ হাসিনা বলেন, “আমরা অসুস্থ রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাই। যে রাজনীতি দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য সেই রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।”

সন্ধ্যা সোয়া সাতটায় দেয়া প্রধানমন্ত্রীর ভাষণ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

গত বছরের এই দিনে বিএনপি-জামায়াত জোটের দেশব্যাপি ব্যাপক সহিংসতার মধ্যেই দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামায়াতের বর্জনের ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা দ্বিতীয় বারের মত সরকার গঠন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

দিবস উপলক্ষে সরকারি দল আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি দেয়। এই কর্মসূচির জেরে রোববার থেকে রাজধানীতে চলমান জনজীবন বিপর‌্যয়ের মধ্যে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন।    

ভাষণে শেখ হাসিনা বলেন, তার সরকার যখন রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে উন্নয়ন কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছে তখন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বিরোধীরা।

যুদ্ধাপরাধের চলামান বিচার শেষ করার প্রত্যয় ব্যক্ত করার অঙ্গীকার করে জাতির জনকের কন্যা বলেন, “এই বিচার বানচাল করতে, যুদ্ধাপরাধীদের রক্ষা করতে অন্ধকারের অপশক্তি যারা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাস করে না, জনগণের মঙ্গল চায় না তারা আবারও ষড়যন্ত্রের জাল বিস্তারের চেষ্টা করছে।”

গত নির্বাচনে বিএনপির অংশ না নেয়াটা রাজনৈতিক ভুল ছিল মন্তব্য করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “তাদের এই রাজনৈতিক ভুলের খেসারত কেন জনগণকে দিতে হবে? বিএনপি নেত্রীকে আমি আহবান জানাচ্ছি- নাশকতা, মানুষ হত্যা, বোমা-গ্রেনেড হামলা, অগ্নিসংযোগ, জানমালের ক্ষতি করা বন্ধ করুন।”

গত নির্বাচনের আগে ব্যাপক রাজনৈতিক সহিংসতার জন্য বিপক্ষকে দায়ী করে তিনি বলেন, ৫ই জানুয়ারির নির্বাচন বানচাল ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি-জামাত জোট সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা শত শত গাড়িতে আগুন দিয়েছে এবং ভাংচুর করেছে হাজার হাজার গাড়ি।

“মহাসড়কসহ গ্রামের রাস্তার দু’পাশের হাজার হাজার গাছ কেটে ফেলেছে। পুলিশ-বিজিবি-আনসার-সেনাবাহিনীসহ আইন-শৃক্সখলা বাহিনীর ২০ জন সদস্যকে হত্যা করেছে। তাদের সহিংস হামলা, পেট্রোল বোমা, অগ্নিসংযোগ ও বোমা হামলায় নিহত হয়েছে শত শত নিরীহ মানুষ।

“সরকারি অফিস, বিদ্যুৎ কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান, ফুটপাতের দোকান এমনকি নিরীহ পশুও তাদের জিঘাংসার হাত থেকে রেহাই পায়নি। রেহাই পায়নি মসজিদ, মন্দির, প্যাগোডা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর সামনে হাজার হাজার পবিত্র কোরান শরীফ পুড়িয়ে দিয়েছে।”

তিনি বলেন, “ট্রেনের লাইন উপড়ে ফেলে এবং ফিসপ্লেট খুলে শতশত বগি এবং রেলইঞ্জিন ধ্বংস করেছে। নির্বাচনের দিন ৫৮২টি স্কুলে আগুন দিয়েছে। প্রিসাইডিং অফিসারসহ ২৬ জনকে হত্যা করেছে। নির্বাচনের পর সংখ্যালঘু এবং আওয়ামী লীগ সর্মথকদের বাড়িঘরে হামলা চালিয়েছে, আগুন দিয়েছে।”

নির্বাচনের আগে তারা সংলাপের চেষ্টা করেছেন জানিয়ে এ বিষয়ে নিজের অবস্থান পুন্রব্যক্ত করেন শেখ হাসিনা।

তিনি বলেন, “নির্বাচনের আগে আমরা সংলাপে বসার জন্য অনেক চেষ্টা করেছি। সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সব ধরণের ছাড় দিতে চেয়েছিলাম। নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রীসভা গঠনের জন্য আমরা প্রস্তুত ছিলাম।

“বিএনপি-জামাত জোট চেয়েছিল দেশে একটা অরাজক এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় যেতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষ তাদের সেই ষড়যন্ত্রের পাতানো ফাঁদে পা দেননি।”

মানুষ ভাল আছে, দেশ এগিয়ে যাচ্ছে

ঘোষিত লক্ষ্য অনুযায়ী বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ লক্ষ্য অর্জনে ‘সমর্থন অব্যাহত’ রাখায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আগামী দিনেও যে কোন ধরণের নাশকতা এবং জঙ্গিবাদী কর্মকাণ্ড সম্মিলিতভাবে প্রতিহত করে গণতন্ত্রকে সমুন্নত রাখবেন, আপনাদের  কাছে আমি সেই অনুরোধ করছি।

“আজ দেশের মানুষ ভাল আছে। দেশ এগিয়ে যাচ্ছে।  আমাদের গৃহীত উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়নের ফলে গত মেয়াদের পাঁচ বছর এবং এই মেয়াদের প্রথম বছরে বাংলাদেশ আর্থ-সামাজিক অগ্রগতির ক্ষেত্রে বিশ্বের সামনে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।  বর্তমানে বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এগিয়ে যাওয়া পাঁচটি দেশের একটি- বাংলাদেশ।”  

তিনি বলেন, “২০১৪ সাল বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল বছর।  অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে গত বছর ছিল বাংলাদেশের জন্য সাফল্যের বছর।”

তার সরকারের সময় গত পাঁচ বছরে গড়ে ৬ দশমিক ২ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “২০০৫-০৬ অর্থবছরে বাজেটের আকার ছিল ৬১ হাজার ৫৭ কোটি টাকা। চলতি ২০১৪-২০১৫ অর্থবছরে বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকায় বৃদ্ধি করেছি। মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১,১৯০ মার্কিন ডলারে।”  

এসময়ে ৫ কোটি মানুষ নিম্ন আয় থেকে মধ্য আয়ে উন্নীত হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০০৬ সালে অতিদারিদ্র্যের হার ছিল ২৪.২ শতাংশ। তা এখন কমে ১১ শতাংশে নেমে এসেছে।

২০০৬ সালের পর রপ্তানি প্রায় তিনগুণ, রেমিট্যান্স প্রায় তিনগুণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ছয়গুণ বৃদ্ধির কথা উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, “২০০১ সালে আমরা বিদ্যুৎ উৎপাদন রেখে এসেছিলাম ৪ হাজার ৫০০ মেগাওয়াট। বিএনপি-জামাতের সময়ে তা কমে দাঁড়ায় ৩ হাজার ২০০ মেগাওয়াটে। এখন আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৩ হাজার ২৮৩ মেগাওয়াট।”

এসময় গ্যাসের উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন ফ্লাইওভার, ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর-ময়মনসিংহ ও নবীনগর-ডিইপিজেড-চন্দ্রাসড়ক সড়ক চারলেনে উন্নীত করাসহ যোগাযোগ অবকাঠামো খাতে বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর নির্মাণ কাজ শুরুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,  ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রোরেল নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে।

“বিএনপি-জামাত জোট আমলে বাংলাদেশ ছিল খাদ্য ঘাটতির দেশ। আওয়ামী লীগ সরকারের আমলে দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ। আমরা এখন চাল রপ্তানিও শুরু করেছি।”

এসময় শিক্ষায় অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, “২০০১-এ বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসে শিক্ষার হার ৬৫ শতাংশ থেকে কমিয়ে ৪৪ শতাংশে নামিয়ে এনেছিল। দেশের বর্তমানে শিক্ষার হার ৬৯ শতাংশ।

“আওয়ামী লীগ সরকার ৬ বছরে মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ১৫৯ কোটি বই বিতরণ করেছে। এবছরের পহেলা জানুয়ারি শিক্ষার্থীদের মাঝে ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩টি বই বিতরণ করা হয়েছে। প্রথম শ্রেণী থেকে ডিগ্রী পর্যন্ত ১ কোটি ২১ লাখ ৭৮ হাজার ১২৯ জন শিক্ষার্থীকে বৃত্তি ও উপ-বৃত্তি দেওয়া হচ্ছে।

“২৬ হাজার ১৯৩ টি প্রাথমিক বিদ্যালয়  এবং ১ লাখ ২০ হাজার শিক্ষকের চাকুরি জাতীয়করণ করা হয়েছে। সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ৩ হাজার ১৭২ টি কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। ২০ হাজার ৫০০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে সব স্কুলে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করা হবে।”

স্বাস্থ্য খাতের উন্নতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “স্বাস্থ্যসেবা এখন মানুষের দোরগোড়ায়। ১৬ হাজার ৪৩৮টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে গ্রামের মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। বিনামূল্যে ৩০ পদের ঔষধ দেওয়া হচ্ছে।”

গত ছয় বছরে ‘নিরলস প্রচেষ্টায়’ ডিজিটাল বাংলাদেশ আজ  বাস্তবতা-মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “৫ হাজার ২৭৫ টি ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে ২০০ ধরণের ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। এই খাতের উদ্যোক্তাদের মাসিক আয় ২০ হাজার থেকে এক লাখ টাকা।”

নারী উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা এবং গত পাঁচ বছরে সামরিক-অসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বেতন  দ্বিতীয় দফায় বাড়ানো কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করার কথাও তুলে ধরেন তিনি।  

এছাড়া বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায়  বিধবা, স্বামী পরিত্যক্তা , বয়স্ক মানুষ, প্রতিবন্ধীদের ভাতা দেওয়ার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আশ্রয়ন, একটি বাড়ী একটি খামার, ঘরে ফেরা কার্যক্রম, দুস্থভাতাসহ ১২৮টি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম  থেকে প্রান্তিক জনগোষ্ঠি সুবিধা পাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা দায়িত্ব নিয়ে স্বাধীন দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করি। যারফলে দেশে দুর্নীতি অনেক কমে এসেছে।

“বিএনপি-জামাত জোট সরকারের আমলে বাংলাদেশ ছিল বাক-স্বাধীনতা হরণের দেশ, সাংবাদিক নির্যাতনের দেশ। ১৬ জন সাংবাদিককে হত্যা করা হয়। সাংবাদিকদের বিরুদ্ধে প্রায় ৫০০টি মামলা দায়ের এবং অনেক সাংবাদিককে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। বাংলাদেশে মিডিয়া এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। তথ্য অধিকার আইন প্রণয়ন ও তথ্য কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে।”

এসময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার পাওয়া এবং ভারত ও মিয়ানমারের কাছ থেকে সমুদ্রসীমা অর্জনের কথাও তুলে ধরেন তিনি।

 

পুরনো খবর:

টানা অবরোধের ডাক অবরুদ্ধ খালেদার