২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যা: বিশেষ বেঞ্চে আপিল শুনানি ১৮ জানুয়ারি

পেপারবুক প্রস্তুত না হওয়ায় পিলখানা হত্যা মামলার আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য ১৮ জানুয়ারি দিন রেখেছে বিশেষ বেঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2015, 10:53 AM

Updated : 22 Aug 2022, 11:24 AM

বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ সোমবার শুনানির এই দিন ঠিক করে দেয়।

প্রধান বিচারপতি এই বিশেষ বেঞ্চ গঠন করে দেওয়ার পর মামলাটি সোমবার শুনানির জন্য আদালতের কার্যতালিকায় এসে।

সকালে এজলাস বসার পর বিচারকরা বলেন, মামলাটি শুনানির জন্য প্রস্তুত নয় বলে তারা দেখতে পাচ্ছেন।

এরপর হাই কোর্টের সংশ্লিষ্ট শাখার সুপার আদালতকে জানান, ১৫২টি ডেথ রেফারেন্সের মধ্যে ৩৫টি প্রস্তুত। বাকিগুলো তৈরি করতে ১০দিন সময় লাগবে।

আদালত এরপর সময় মঞ্জুর করে ১৮ জানুয়ারি শুনানির দিন ঠিক করে দেয়।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে রক্তাক্ত বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন প্রাণ হারান।

ওই ঘটনার পর ৫৭টি বিদ্রোহের মামলার বিচার হয় বাহিনীর নিজস্ব আদালতে। আর হত্যাকাণ্ডের বিচার চলে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের অস্থায়ী এজলাসে।

ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর এই হত্যা মামলার যে রায় ঘোষণা করেন, তাতে ১৫২ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এ মামলার সাড়ে আটশ আসামির মধ্যে ওই রায়ের দিন পর্যন্ত জীবিত ছিলেন ৮৪৬ জন। তাদের মধ্যে ১৬১ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড।

পাশাপাশি অস্ত্র লুটের দায়ে তাদের আরো ১০ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জারিমানা,অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেন বিচারক।

এছাড়া ২৫৬ আসামিকে তিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। কারো কারো সাজার আদেশ হয় একাধিক ধারায়।

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় রায়ে ২৭৭ জনকে বেকসুর খালাস দেয় আদালত।

ওই রায়ের এক বছরেরও বেশি সময় পর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য হাই কোর্টে এল।

পুরনো খবর:

পিলখানা হত্যা: ১৫২ আসামির ফাঁসির রায়