রাজশাহীতে মাঠে থাকবে আ. লীগ-বিএনপি
সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন সোমবার রাজশাহীতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী ও বিএনপি।
‘গণতন্ত্র রক্ষা’ দিবস নাম দিয়ে আওয়ামী লীগসহ শরিক দলগুলো নগরীর ১০টি পয়েন্টে এবং ‘গণতন্ত্র হরণ’ দিবস নামে বিএনপিসহ শরিক দলগুলো প্রতিটি ওয়ার্ডে কালো পতাকা মিছিল ও সমাবেশ করার ঘোষণা দিয়েছে।
এদিকে, পাল্টাপাল্টি কর্মসুচিকে কেন্দ্র করে নগর জুড়ে পুলিশী নিরাপত্তা বাড়ানো হয়েছে।
শনিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নাশকতার আশঙ্কায় রাজশাহী থেকে ঢাকাগামী বাসসহ সকল পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মাদ শামসুদ্দিন জানান, প্রয়োজনে সভা, সমাবেশ ও মিছিলসহ সকল দলের রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র রক্ষা’ দিবস হিসেবে কর্মসূচি পালন করতে পূর্ব ঘোষণা রয়েছে।
এদিন নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, গোরহাঙ্গা মোড় ও লক্ষ্মীপুর মোড়সহ ১০টি পয়েন্টে অবস্থান নিয়ে মিছিল ও সমাবেশ করবে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা।
তাদের কর্মসূচি চলাকালে বিএনপি-জামায়াত কোনো সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলে জানান লিটন।
রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হরণ’ দিবস পালন করবে বিএনপিসহ সকল শরিক দল।
এ উপলক্ষে সোমবার সকাল থেকে ২০ দলের নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করে নগরীর সাহেববাজার এলাকাসহ মহানগরীর প্রতিটি ওয়ার্ডে কালো পতাকা মিছিল ও সমাবেশ করবেন।
শনিবার সন্ধ্যায় মহানগর বিএনপির কার্যালয়ে ২০ দলের সমন্বয় সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান শফিকুল হক।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ৫ জানুয়ারি নগরীতে দুই জোটের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণার পর পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে সকল ধরণের সভা-সমাবেশ-মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।
তবে নগরীতে যে কোনো সংহিংসতা প্রতিরোধে শতর্ক রয়েছে আইনশৃংখলা বাহিনী। আইনশৃংখলা পরিস্থিতি রক্ষায় আমর্ড পুলিশসহ বিজিবি, র্যাব প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, নাশকতার আশঙ্কায় নগরীতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
ইতোমধ্যেই শনিবার রাত ১২টা থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার চেষ্টা চালাতে পারে এমন সন্দেহভাজান ১৫ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, নাশকতার আশঙ্কায় রাজশাহী থেকে ঢাকাগামী বাসসহ সকল পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার সকাল ৯টা থেকে রাজশাহী বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি।
রাজশাহী বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক মুঞ্জুর রহমান পিটার জানান, সকাল ৮টা থেকে ৯টার মধ্যে যে সকল বাস রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গিয়েছিল, সেগুলো নাটোর থেকে ফেরত পাঠানো হয়।
