২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

পূর্ব বিরোধের জেরে ফেনী সদরে এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2015, 05:10 PM

Updated : 22 Aug 2022, 11:24 AM

রোববার দুপুরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মজুমদার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামাল উদ্দিনকে ফেনী সদর হাসপতালে চিকিৎসা দিয়ে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত কামাল উদ্দিন (৩৫) লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি সংসদ লেমুয়া ইউনিয়নের সভাপতি।

কামালের স্ত্রী মিনা আক্তার জানান, কামাল উদ্দিনের সঙ্গে তার আত্মীয় যুবদল নেতা তারেকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে রোববার দুপুরে যুবদল সমর্থক তারেক, সোহেল, মঞ্জু, মান্নান, হারুন, সাইফুলরা পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে মজুমদার হাট এলাকার ভাইস চেয়ারম্যান বাড়িতে হামলা চালায়।

এসময় তারা কামাল উদ্দিনকে খুঁজতে ঘরে ঢুকে ব্যাপক ভাংচুর চালিয়ে নগদ টাকা লুটপাট করে।

এক পর্যায়ে তারা কামালকে ছুরিকাঘাত করে টেনে হেঁচড়ে বাড়ির বাহিরে পার্শ্ববর্তী জমিতে নিয়ে যায়। ওখানে তাকে উপর্যপুরি কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়ে তারা পালিয়ে যায়।

পরে বাড়ির লেঅকজন তাকে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়।

ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রায়হান জানান, কামালের শরীরের একাধিক স্থানে জখম থাকায় তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফেনী থানাধীন বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই)

মোতাহের হোসেন জানান, কামাল উদ্দিন নামে এক যুবদল নেতাকে দুর্বৃত্তরা কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়ার খবর পেয়েছেন।

বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।