বিএনপি কার্যালয়ে তালা
মধ্যরাতে প্রায় আধা ঘণ্টা তল্লাশি শেষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে পুলিশ।
শনিবার রাত সোয়া ১২টার দিকে কার্যালয়ে ঢুকে পুলিশ তল্লাশি শুরু করে বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানান।
রাত পৌনে ১টার দিকে কার্যালয়ে থাকা আট জনকে বের করে তালা দিয়ে পুলিশ চাবি নিয়ে যায় বলেও জানান তিনি।
এর আগে রাত ১২টার দিকে কার্যালয়ের তৃতীয় তলা থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ সদস্যরা।
তবে তাকে গ্রেপ্তার করা হয়নি বলে পল্টন থানা থেকে জানানো হয়েছে। গোয়েন্দা পুলিশের কয়েকজন কর্মকর্তাও একই কথা জানিয়েছেন।
তারা বলেছেন, চিকিৎসার জন্য অসুস্থ রিজভীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে রাত সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে আসতে গেলে তার পথ আটকায় পুলিশ।
কার্যালয়ের ফটকের সামনে একটি ট্রাক আড়াআড়িভাবে রেখে ব্যারিকেড সৃষ্টি করা হয়।
এর ১৫ মিনিট পর খালেদা জিয়া গুলশানে নিজের বাসায় যাওয়ার জন্য ব্যারিকেড সরাতে বললে তা না হওয়ায় কিছুক্ষণ গাড়িতে অপেক্ষার করে আবার কার্যালয়ে ফিরে যান। রাতে সেখানেই অবস্থান করেন তিনি।
