নকলায় টাকা নিয়ে পাঠ্যবই বিতরণের অভিযোগ
শেরপুরের নকলা উপজেলায় মাধ্যমিকের বিনামূল্যের বই বিতরণের সময় টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
শনিবার নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ইসলাম নগর সাইলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের বিরুদ্ধে এ অভিযোগ করেন স্থানীয় কয়েকজন অভিভাবক।
তাদের অভিযোগ আব্দুস সাত্তার শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিসেট বইয়ের জন্য ২০০ টাকা করে নিচ্ছেন।
বই নিয়ে উল্লসিত চাঁপাইনবাবগঞ্জ মডেল স্কুলের শিশুরা। বছর শুরুর দিন বৃহস্পতিবার এমন আনন্দ ছিল না ফেনীর সব শিশুদের।
গত ১ জানুয়ারি সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবই চার কোটি শিশুর হাতে তুলে দেওয়া হয়। দিনটি বই উৎসব হিসেবে পালন করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
নকলার চরকামানির পাড় গ্রামের নূরজাহান বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বই উৎসবের দিন নাতনীর জন্য বই চাইলে প্রধান শিক্ষক আমার কাছে ২০০ টাকা চান। আমি ১৫০ টাকা দিলে তিনি তা ফিরিয়ে দেন। পরে ২০০ টাকা দিয়ে নাতনীর জন্য বই আনি।”
মো. সেলিম আজাদ নামে এক অভিভাবক বলেন, “আমার মেয়ের কাছ থেকে অষ্টম শ্রেণির এক সেট বইয়ের জন্য ২০০ টাকা নিয়েছে প্রধান শিক্ষক আব্দুস সাত্তার।”
টাকা নেওয়ার কথা স্বীকার করলেও বইয়ের জন্য নেননি বলে দাবি করেছেন আব্দুস সাত্তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদ্যালয়ের বার্ষিক চাঁদা হিসেবে ২০০ টাকা নিয়েছি।”
ইউএনও আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন অভিভাবকের কাছ থেকে টাকার বিনিময়ে বই বিতরণের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।”
অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বলেন তিনি।
