সিলেটের বিশ্বনাথে ছাত্রদলের সংঘর্ষে আহত ১০
সিলেটের বিশ্বনাথে কমিটি নিয়ে বিরোধে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার বিকাল সোয়া ৩টায় বিশ্বনাথ বাজারে এ সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানিয়েছে।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান, কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে জানিয়ে ওসি বলেন, উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সদ্য ঘোষিত বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মতিউর রহমান সুমনের নেতৃত্বে নেতা-কর্মীরা বিশ্বনাথ পুরান বাজরে বিএনপি কার্যালয় থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল।
এসময় আহ্বায়ক কমিটির সদস্য শাহ আমিরের নেতৃত্বে একদল নেতাকর্মী হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সুমনের পক্ষের কর্মীদের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলামসহ উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন।
আহত নুরুল ইসলামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গত ২২ ডিসেম্বর মতিউর রহমান সুমনকে আহ্বায়ক করে ৩১ সদস্যের বিশ্বনাথ উপজেলা ছাত্রদল কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর থেকে আহ্বায়ক কমিটির সদস্য শাহ আমিরের নেতৃত্বে একদল নেতা-কর্মী কমিটির বিরোধিতা করে আসছে। এনিয়ে দুপক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল।
