দিনাজপুরে নৈশ প্রহরীর লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুর থেকে এক নৈশ প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত আনসার (৩৮) পার্বতীপুর পৌর শহরের কান্দুয়াপাড়ার মৃত তোসাদ্দেক হোসেনের ছেলে। তিনি সাহেবপাড়ায় গ্রামীণ ফোনের অয়্যারহাউজের নৈশ প্রহরী ছিলেন।
পার্বতীপুর রেলওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, শনিবার বেলা ১২টার দিকে সাহেবপাড়া এলাকায় গ্রামীণ ফোনের অয়্যারহাউজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের উদ্ধৃত করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে আনসারের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ তার কর্মস্থল অয়্যারহাউজের ফটকের তালা ভেঙে ভিতরে গিয়ে ওই ভবনের সিঁড়ির নিচে তার লাশ পায়।
ফটকে তালা দিয়ে ভিতরে পাহারায় থাকতেন আনসার। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তা লুৎফর জানান।
তিনি বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।”
