২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে দুই কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১

রাজধানীর মাতুয়াইলে দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষে এক চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2015, 10:51 AM

Updated : 22 Aug 2022, 11:23 AM

শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

নিহতের নাম সাদ্দাম হোসেন (৩০)। আহত জাহাঙ্গীর হোসেন (২৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পরিদর্শক মোজাম্মেল বলেন, সকালে গুরুতর আহত অবস্থায় সাদ্দাম ও জাহাঙ্গীরকে হাসপাতালে আনলে চিকিৎসক সাদ্দামকে ‍মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর হাসপাতালে সাংবাদিকদের বলেন, ভোরে মাতুয়াইলে তার কাভার্ডভ্যান ঘোরানোর সময় অপর একটি কাভার্ডভ্যান তাদের গাড়িকে ধাক্কা দেয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানটি দ্রুত বেগে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

নিহতের মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে।