চট্টগ্রামে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
চট্টগ্রাম নগরীর বিমানবন্দর সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় রুবি সিমেন্ট গেইট এলাকার এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
নিহতরা হলেন- মো. শহীদুল ইসলাম (৫০) ও মো. জাবেদ (৪২)।
ইপিজেড থানার ওসি আবুল মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় ছয়জনের একটি দল প্রাইভেট কারে করে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাচ্ছিলেন। পথে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
“এতে গাড়ির সামনে থাকা দুজন ঘটনাস্থলে মারা যায় এবং অন্য চারজন গুরুতর আহত হন।”
তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হতাহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি মনসুর।
