২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পত্রিকা সম্পাদকের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা

পত্রিকা ও ফেইসবুকে ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগে গাজীপুরের একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 07:26 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা জানান, গাজীপুর থেকে প্রকাশিত 'বাংলাভূমি' নামে ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম আজহারসহ আটজনের বিরুদ্ধে বৃহস্পতিবার মধ্যরাতে এ মামলা হয়।

মামলার অন্য আসামিরা হলেন- বাংলাভূমির প্রধান সম্পাদক সৈয়দ মোকছেদুল আলম লিটন, ব্যবস্থাপনা সম্পাদক মো. আমিনুল ইসলাম, উপদেষ্টা মো. আব্দুস সাত্তার খান, বার্তা সম্পাদক, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার ও ওয়েব মাস্টার।

‘ডিয়ার জুলীয়াস ডটকম’ নামে একটি ওয়েব পোর্টালের সম্পাদক জুলীয়াস চৌধুরী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

ওসি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে গাজীপুরে এটাই প্রথম মামলা।

বাদীর অভিযোগ, সাপ্তাহিক বাংলাভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার তার ব্যক্তিগত ফেইসবুক পাতায় গত বছরের ২৪ ডিসেম্বর জুলীয়াসের ছবিসহ মিথ্যা তথ্য প্রচার করেন।

এছাড়া একই বছরের ১৭ এবং ২৪ ডিসেম্বর বাংলাভূমি পত্রিকার অনলাইন সংস্করণে জুলীয়াসের ছবিসহ ‘মিথ্যা তথ্য দিয়ে’ প্রতিবেদন প্রকাশ করা হয়।

‘উদ্দেশ্যমূলক’ এসব প্রতিবেদনের কারণে মানহানিসহ ব্যক্তিগত জীবন ‘হুমকির মুখে’ পড়েছে বলে মামলায় অভিযোগ করেছেন বাদী।

জয়দেবপুরের ওসি খন্দকার রেজাউল করিম রেজা বলেন, মামলার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।