২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরানের গাড়ির পাশে বোমা বিস্ফোরণ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা হাতবোমা ফাটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 07:20 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে পাঠানটুলা এলাকায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। গাড়ির পাশে বোমাটি বিস্ফোরণ হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

কামরানের দাবি, তার গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

তবে, ওই পথ দিয়ে যাওয়ার সময় কামরানের গাড়ির পাশে হাতবোমাটি ফাটলেও সেটি তাকে লক্ষ্য করেই ছোড়া হয়েছিল কিনা তা নিশ্চিত নয় পুলিশ।

মহানগর আওয়ামী লীগ সভাপতি কামরান সাংবাদিকদের বলেন, পাঠানটুলার সানরাইজ কমিউনিটি সেন্টার থেকে একটি বিয়ের অনুষ্ঠান শেষে ফিরছিলেন তিনি। পথে তার গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা হাতবোমা ফাটায়।

তবে বোমাটি গাড়ির পাশে পড়ে বিস্ফোরিত হওয়ায় তার বা গাড়ির কোনো ক্ষতি হয়নি।

এদিকে, আতঙ্ক ছড়ানোর জন্য ছাত্রদলকর্মীরা ওই হাতবোমা ফাটিয়েছে মনে করেন জালালাবাদের ওসি আখতার হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে দলের নেতাদের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে পাঠানটুলা এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা মিছিল বের করেন। ওই মিছিল থেকেই হাতবোমা ফাটানো হয়।

তবে হাতবোমাটি সাবেক মেয়র কামরানের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।