২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দুদিনেও রক্তক্ষরণ বন্ধ হয়নি শিশুর

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ধর্ষণের শিকার আট বছরের এক শিশুর রক্তক্ষরণ দুদিনেও বন্ধ হয়নি।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2015, 04:31 PM

Updated : 22 Aug 2022, 11:23 AM

তবে, তার অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন নেত্রকোণা সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক।

বুধবার বিকালে দুর্গাপুরের কেরনখলা গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। শুক্রবার বিকালে এ ঘটনায় থানায় মামলা হয়।

দুর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান, ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে পুলিশ। কিছু আলামত সংগ্রহ হয়েছে।

ধর্ষক কেরনখলা মৌ গ্রামের রুহুল আমীনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

শিশুটির পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, বুধবার বিকালে কেরনখলা মৌ গ্রামের সোমেশ্বরী নদীর চর এলাকায় গাছ থেকে বড়ই সংগ্রহ করছিল শিশুটি।

ওই সময় শিশুটিকে দুই সন্তানের জনক রুহুল আমীন ধরে নিয়ে ধর্ষণ করে।

তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  পাঠায়।

সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।

নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. ফখরুল হাসান চৌধুরী টিপু জানান, ধর্ষণের শিকার শিশুটির দুদিন ধরে চিকিৎসা চলছে। এখনও রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণ বন্ধ হতে আরও সময় লাগবে।

তবে, এখন শিশুটি আশংকামুক্ত বলে জানান তিনি।