‘ছিনতাইকারী’ বলে ঢাকা কলেজের ছাত্রকে পেটাল হকাররা
পণ্য কেনাতে না পেরে ঢাকা কলেজের এক ছাত্রকে ‘ছিনতাইকারী’ রব তুলে পিটিয়েছে এক দল হকার।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে এই ঘটনার শিকার মো. আসাদুল ইসলাম ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী।
ঘটনাটি দেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুবসহ আরেক সাংবাদিকের হস্তক্ষেপে উদ্ধার পান আসাদ।
খবর শুনে পুলিশ জাহিদ (৩০) নামে এক হকারকে গ্রেপ্তার করেছে। তিনি মতিঝিল-মিরপুর রুটের বাসে বিভিন্ন জিনিস বিক্রি করেন।
গোলাম মুজতবা ধ্রুব বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটর সাইকেলে সায়েন্স ল্যাবরেটরির দিকে যাওয়ার পথে শাহবাগ মোড়ে একজনকে মারধর করতে দেখে তারা দুই সাংবাদিক সেখানে থামেন।
“একদল লোক ওই তরুণকে (আসাদ) ‘ছিনতাইকারী’ বলে বেদম পেটাচ্ছিল। আর ওই তরুণ বাঁচার আকুতি জানাচ্ছিলেন পথচারীদের কাছে- ‘ভাই আমি ছাত্র, আমাকে বাঁচান। ভাই আমি ঢাকা কলেজের ছাত্র। আমি ছিনতাইকারী না। ভাই আমাকে বাঁচান’।”
দুই সাংবাদিক স্থানীয় কয়েকজন পথচারীকে নিয়ে নিজেদের পরিচয় দিয়ে হকারদের হাত থেকে প্রথম দফায় আসাদকে উদ্ধার করেন।
তারপর আবারও জাহিদের নেতৃত্বে একদল ‘ছিনতাইকারী ধরছি ভাই, ওকে থানায় নিয়ে যাইতাছি’ বলে শিশু পার্কের পাশে ৫৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একটি টিনশেড কার্যালয়ে আসাদকে ঢোকানোর চেষ্টা করে।
তবে ঘরটি বন্ধ থাকায় তারা আসাদকে বাইরে একটি কাঠের বেঞ্চে বসায়। এসময় প্রায় ২০-২৫ জন যুবক আসাদকে পুনরায় মারধর শুরু করলে পুলিশ এসে তাদের থামায়।
আহত আসাদুল ইসলাম
ততক্ষণে আসাদের শরীর রক্তাক্ত হয়ে গেছে। মুখে মারাত্নক জখম তৈরি হয়েছে। গাল কেটেছে এবং ঠোঁটও ফুলে গেছে।
আওয়ামী লীগের ওই কার্যালয়ের সামনে আসাদকে মারধরের সময় উপস্থিত ছিলেন মো. মিজান নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন।
আসাদকে মারধরকারীদের পরিচয় জানতে চাইলে মিজান বলেন, “যারা ওই পোলারে মারছে, তারা আওয়ামী লীগের কেউ না। তারা প্রায়ই এই জাতীয় ঘটনা ঘটায়।”
আসাদ সাংবাদিক ও পুলিশকে জানান, শুক্রবার অনুষ্ঠেয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য কাকরাইলে এক বন্ধুর বাসায় গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে সায়েন্স ল্যাবরেটরির ভাড়া বাসায় ফিরছিলেন তিনি।
আসাদের বাড়ি রংপুর। পড়াশোনার পাশাপাশি ফার্মগেইটের কনকর্ড সেন্টার পয়েন্টের নবম তলার ক্লাসিক স্টিল লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরিও করেন তিনি।
‘রংধনু’ পরিবহনের একটি বাসে ছিলেন আসাদ। তিনি জানান, বাসে এক হকার তাকে জোর করে কাঠপেন্সিল কিনতে বাধ্য করার চেষ্টা করলে তিনি আপত্তি তোলেন। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়।
আসাদ জানান, শাহবাগে যানজটে আটকে থাকা অবস্থায় সেই হকার ফোন করে কয়েকজন ‘হকার’কে ডেকে এনে জোর করে তাকে বাস থেকে নামিয়ে নিয়ে মারধর শুরু করে।
আসাদর পরিচয়পত্র
“আমাকে ওরা ছিনতাইকারী বলে এলোপাতাড়ি কিল ঘুষি মারছিল। সেই সুযোগে পকেট থেকে মানিব্যাগ, এটিএম কার্ডসহ দরকারি কাগজপত্র কেড়ে নিয়ে যায়।”
ঘটনা শোনার পর পুলিশ মারধরে নেতৃত্বদাতা জাহিদকে আটক করে থানায় নিয়ে যায়।
সাংবাদিকদের জিজ্ঞাসায় জাহিদ বলেন, “বাসে হকারদের সঙ্গে ওই পোলা খারাপ ব্যবহার করছিল, তাই ওরে মারছি।”
মগবাজার থেকে আসা অন্য আরেক হকার আসাদকে বেশি মেরেছে বলেও দাবি করেন আটক জাহিদ।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত আসাদকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
“সেখানে তার চিকিৎসার শেষে আবার তাকে থানায় নিয়ে আসা হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে।”
রাত ১০টার দিকে শাহবাগ থানায় আসাদের খবর নিতে আসেন বাংলাদেশ হকার্স কল্যাণ সমিতির সদস্য মোহাম্মদ ওলিউল্লাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নিজেদের দোষ স্বীকার করছি। ঘটনাটি মীমাংসার চেষ্টা করছি।”
