জলঢাকার ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে স্থানীয় আওয়ামী ওলামা লীগ।
এ দাবিতে বৃহস্পতিবার সকালে তারা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও হাসান হাবিব এই উপজেলায় যোগদানের পর থেকে অনিয়ম ও দুর্নীতি শুরু করেছেন। তার ধারাবাহিকতায় ইসলামী ফাউন্ডেশনের পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলার ১২০ জন শিক্ষক নিয়োগেও দুর্নীতি করেছেন তিনি।
ওলামা লীগ সভাপতি ইলিয়াস হোসেন অভিযোগ করে বলেন, গত ২৮ ডিসেম্বর জলঢাকা উপজেলার ১২০ জন শিক্ষক নিয়োগ করা হয়। ওই দিন নিয়োগ বোর্ড়ের সভাপতি ইউএনও হাসান হাবিব মেধাকে অগ্রাধিকার না দিয়ে উৎকোচের মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের লোকজনকে নিয়োগ দিয়েছেন।
তিনি এ নিয়োগ বাতিলসহ অবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাসান হাবিবের অপসারণ দাবি করেন।
জলঢাকা উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবিরুল ইসলাম ও শিমুলবাড়ি ইউনিয়নের সভাপতি লোকমান হোসেন।
ইউএনও হাসান হাবিব অভিযোগ অস্বীকার করে বলেন, “উপজেলা প্রশাসন শিক্ষক নিয়োগ দিতে পারে না। আমরা শুধু পরীক্ষা নিয়েছি।”
পরীক্ষায় শতভাগ স্বচ্ছতার মাধ্যমে ৭৫০ জনের মধ্যে ১২০ জন শিক্ষককে বাছাই করে মেধা অনুসারে তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তারাই শিক্ষক নিয়োগ দেবে।
