২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দপ্তরে নতুন মহাপরিচালক

পাট অধিদপ্তর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং বার্ডে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 02:47 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

এছাড়া চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে নতুন চেয়ারম্যানের সঙ্গে আটজন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে বুধবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব মো. আবদুল মান্নানকে পাট অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

বগুড়ার আরডিএর মহাপরিচালক হিসাবে বদলির আদেশাধীন সালাহউদ্দিন মাহমুদের ওই আদেশ বাতিল করে তাকে কুমিল্লা বার্ডের মহাপরিচালক করা হয়েছে।

বার্ডের মহাপরিচালক মো. মশিউর রহমানকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর খানকে ভূমি সংস্কার বোর্ডের সদস্য করে সেখানে ওএসডি অতিরিক্ত সচিব স্বপন কুমার রায়কে মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর বাইরে ওএসডি অতিরিক্ত সচিব মাহমুদা মিন আরাকে বঙ্গবন্ধু ফেলোশিপ অন এসআইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক ও ওএসডি অতিরিক্ত সচিব মিয়া আব্দুল্লাহ মামুনকে শ্রম মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।