২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হাতবোমা ও বাসে আগুন, আটক ২

যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে হরতালে গাজীপুরে বোমাবাজি করে বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

গাজীপুর প্রতিনিধি

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 03:07 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

জেলার পুলিশ কর্মকর্তারা জানান, বুধবার সকাল ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও বাইপাস সড়ক এলাকায় এবং সকাল ৮টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা।

এর মধ্যে চেরাগ আলী মার্কেট এলাকায় মিছিল থেকে হাতবোমা ফাটানো হয় বলে টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল জানান।

তিনি বলেন, হরতাল সমর্থকরা মহাসড়কে গাড়ি ভাংচুর ও টায়ারে আগুন দিলে পুলিশ গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ধাওয়া করে দুই জামায়াতকর্মীকে আটক করা হয়।

দুপুর ১২টা দিকে হরতাল সমর্থকরা চান্দনা চৌরাস্তা এলাকায় বলাকা পরিবহনের একটি বাস ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আগুন নেভাতে নেভাতে ওই বাসের বেশ কয়েকটি আসন পুড়ে যায় বলে জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা জানান।

হরতালে গাজীপুরের অভ্যন্তরীণ সড়কে কিছু বাস ও মিনিবাস চলতে দেখা গেলেও দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। কল-কারখানা, দোকান, ব্যাংক-বীমাসহ সব ধরনের অফিস-আদালত সকাল থেকেই খোলা থাকতে দেখা গেছে।

আট ভ্রাম্যমাণ আদালত

হরতালে নাশকতাকারীদের ধরে তাৎক্ষণিকভাবে শাস্তি দিতে জেলায় আটটি ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করেছে প্রশাসন।

গাজীপুরের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট একেএম মোস্তফা কামাল জানান, হরতাল চলাকালে পাঁচ উপজেলার পাঁচজন ইউএনও এবং গাজীপুর শহরের চান্দনা-চৌরাস্তা, জয়দেবপুর ও টঙ্গী এলাকায় আরো তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।