২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে দুই ভাই দগ্ধ

ঢাকার কেরানীগঞ্জের এক বাসায় আগুন লেগে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছে দুই ভাই, যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2014, 02:04 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মজিবুর রহমান জানান, বুধবার ভোরে মান্দাইল মনু ব্যাপারীর ঢালের হাজি টিটু মিয়ার বাড়ির পাঁচতলার একটি কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধরা দুই ভাই হলেন- রকি (২০) ও রাব্বি (১৪)।  এদের মধ্যে রকির শরীরের ৬০ শতাংশ ও রাব্বির ১২ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রকি ইসলামপুরের একটি কাপড়ের দোকানে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মজিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে ওই ঘরে বিকট শব্দ হয়ে জানালার কাঁচ ভেঙে যায়। এ সময় রকি ও রাব্বি বিছানায় ঘুমিয়ে ছিলেন। আগুনে বিছানার একটি অংশও পুড়ে যায়।

ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা দুজনের বাবা-মা দ্রুত আগুন নিভিয়ে ছেলেদের হাসপাতালে নিয়ে যান।

আগুনে ঘরের তেমন কোন ক্ষতি হয়নি। অগ্নিকাণ্ডের কারণও জানাতে পারেনি পুলিশ।