বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
নেত্রকোণার দূর্গাপুরে ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
দূর্গাপুর থানার ওসি রেজাউল ইসলাম খান জানান, মঙ্গলবার রাতে ভারতের মেঘালয় রাজ্যের বাঘমারা বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের মাধ্যমে অভয় মানকিনের লাশ ফেরত আনা হয়।
সোমবার রাতে উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অভয় মানকিনের। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সে সময় তার লাশ নিয়ে যায়।
বিএসএফ ক্যাম্পের পতাকা বৈঠকে ভারতীয় থানার পুলিশ, বিজিবি ও দূর্গাপুর থানার প্রতিনিধিও উপস্থিত ছিল বলে ওসি রেজাউল জানান।
