হরতালের প্রভাব নেই চট্টগ্রামে
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আজহারের ফাঁসির রায়ের প্রতিবাদে দলটির ডাকা হরতালে চট্টগ্রামে জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি, পাওয়া যায়নি কোন গোলযোগের খবরও।
বুধবার সকাল থেকে রাস্তায় গণপরিবহণের সংখ্যা কিছুটা কম দেখা গেলেও হিউম্যান হলার, সিএনজি অটোরিকশা ও রিকশায় করে কর্মস্থলে ছুটতে দেখা গেছে সাধারণ মানুষকে।
হরতালে নাশকতা রোধে চট্টগ্রাম নগরী ও জেলায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।
ফাইল ছবি
এদিকে নগরীর বাইরে জেলার কোথাও দুপুর পর্যন্ত কোন গোলযোগের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাতকানিয়া, সীতাকুণ্ড ও লোহাগাড়া স্পর্শকাতর এই তিন উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় বিজিবিকে প্রস্তুত রাখা হয়েছে।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে বুধবার এবং নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
