রাজশাহীতে পুলিশভ্যান লক্ষ্য করে হাতবোমা, আটক ২
যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতালে রাজশাহীতে টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ফাটানো হয়েছে।
মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, বুধবার সকাল ৯টার দিকে নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।
“পুলিশভ্যানকে লক্ষ্য করে পাশের একটি গলি থেকে ছোড়া বোমাটি গাড়ির পাশেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হননি।"
ঘটনার পরপরই ওই এলাকায় তল্লাশি চালিয়ে শিপন ও তুহিন নামে দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ২৬ ডিসেম্বর রাজশাহীতে বিএনপি-জামায়াত জোটের হরতালের সময় পুলিশভ্যান লক্ষ্য করে ছোড়া বোমায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখার আলম বলেন, এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়াসহ জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে শ্লোগান দেয় শিবির কর্মীরা। তবে পুলিশ পৌঁছানোর আগেই তারা সটকে পড়ে।
হরতালে নগরীতে রিকশা, অটোরিকশা ও টেম্পো চললেও দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে ট্রেন সময়মতোই যাওয়া আসা করছে বলে জানিয়েছেন স্টেশন সুপার আবদুল করিম।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তা ইফতেখার জানান, হরতালে নাশকতা এড়াতে ভোর থেকে নগরীতে দুই প্লাটুন বিজিবিসহ অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
