২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে দুই রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নিযুক্ত বসনিয়া এবং হার্জেগোভিনার এবং শ্লোভাক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত সাবিত সুবাসিক ও জিগমুন্ড বেরটক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 10:22 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তারা পরিচয়পত্র পেশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বসনিয়ার নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, বসনিয়া-হার্জেগোভিনা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ব্যাবসায়ী প্রতিনিধি দল পাঠাতে পারে।

বসনিয়া-হার্জেগোভিনা বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য এবং সিরামিক পণ্য আমদানি করতে পারে, বলেন রাষ্ট্রপতি।

সাবিত সুবাসিক বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে তিনি কাজ করবেন। এসময় বাংলাদেশের তৈরি পোশাকের প্রশংসাও করেন তিনি।

পরে শ্লোভাক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত জিগমুন্ড বেরটক রাষ্ট্রপতির কাছে পরিচয় পত্র পেশ করেন।

নতুন শ্লোভাক রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, শ্লোভাক প্রজাতন্ত্র যখন চেকশ্লোভাকিয়ার অংশ ছিল তখন থেকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব শুরু হয়। রাষ্ট্রপতি এসময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে চেকস্লোভাকিয়ার দেওয়া সহযোগিতার কথাও স্মরণ করেন।

আগামী দিনগুলোতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

শ্লোভাক রাষ্ট্রদূত তার কর্মকালে দুই দেশের সম্পর্ক শক্তিশালী করতে কাজ করবেন বলে রাষ্ট্রপতিকে আশ্বাস দেন।

দুই রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের গার্ড অব অনার দেয়।