ব্রজেন, মানিক ও বুদ্ধদেবের স্মৃতি সংরক্ষণ করা হবে
মুন্সীগঞ্জের তিন কৃতী সন্তান ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় ও বুদ্ধদেব বসুর পৈত্রিক বাড়ি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের প্রস্তাবের প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী সাত দিনের মধ্যে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ভূমি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে সার্বিক বিষয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া মুন্সীগঞ্জ শহরের শত বছরের প্রাচীন মালপাড়া পুকুর রক্ষা, সিরাজদিখানের সন্তোষপাড়া-ইছাপুরা সড়কের সন্তোষপাড়ার মুখে সরকারি রাস্তার উপর নির্মাণ করা দেয়াল অপসারণ, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, শ্রীনগরের বাঘরা ও গজারিয়ার হোসেন্দীতে পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণের প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
এই সভায় আরও অংশ নেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, এডিএম একেএম শওকত আলম মজুমদার, সহকারী পুলিশ সুপার মিয়া মোহাম্মদ কুতুবুর রহমান, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মমিন আলী, সিরাজদিখান ইউএনও আবুল কাসেম, শ্রীনগর ইউএনও সাহানারা বেগম, গজারিয়া ইউএনও মহবুবা বিলকিস, টঙ্গীবাড়ির ইউএনও তাজনিনা সারোয়ার, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মেহরুন্নেছা নাজমা, সিরাজদিখান উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন প্রমুখ।
ব্রজেন দাসের বাড়ি সিরাজদিখান উপজেলার কুটিয়ামোড়া এবং মানিক বন্দ্যোপাধ্যায় ও বুদ্ধদেব বসুর বাড়ি একই উপজেলার মালকানগর গ্রামে। তাদের বাড়িগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে।
