২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ৫ জানুয়ারি বিএনপির সমাবেশের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 07:08 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

মঙ্গলবার চাঁদপুরে তিনি সাংবাদিকদের বলেন, অগণতান্ত্রিক উপায়ে আন্দোলন-সংগ্রাম করে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না।

৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যাদিবস’ আখ্যা দিয়ে দিনটিতে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

ওইদিন বিএনপির সমাবেশ করার বিষয়ে তিনি বলেন, “তাদের কার্যক্রমের উপর ভিত্তি করে আইনশৃঙ্খলা বাহিনী সিদ্ধান্ত নেবে।”

এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল ছিল বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

২০১৫ সালসহ ২০১৯ সাল পর্যন্ত ভালোই কাটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দুপুরে তিনি জেলা শহরের ইচলীঘাট এলাকায় ডাকাতিয়া নদীতীরে কোস্ট গার্ড স্টেশনের নবনির্মিত ভবন উদ্বোধন করে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ স্টেশনের সাহায্যে কোস্ট গার্ড ঢাকা-চট্টগ্রাম নৌ-পথের চাঁদপুর অংশের নিরাপত্তা বিধান এবং মেঘনা নদীতে জাটকা নিধন বন্ধের বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর প্রমুখ।

গত বছরের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কোস্ট গার্ড জানায়, পাঁচ একর জমির উপর তিন তলা স্টেশন ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা। বর্তমানে এ স্টেশনে ৩৫ জন কোস্ট গার্ড সদস্য কর্মরত রয়েছেন।