জয়নুলের জন্মশতবর্ষ: রাবিতে শিল্পকর্ম প্রদর্শনী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উপলক্ষে ক্যাম্পাসে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে চারুকলা বিভাগীয় গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
আয়োজনে শিল্পকর্ম প্রদর্শনী ছাড়াও রয়েছে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রথম দিন সেমিনারে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জীবন ও শিল্পকর্ম নিয়ে আলোচনা করেন চারুকলার শিক্ষকবৃন্দ।
চারুকলা বিভাগ ও চতুস্কোণ আর্ট ওয়েব আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক মো. আবদুল মতিন তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার সন্দ্বীপ মিত্র।
শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ২৪ মে ঢাকায় মৃত্যুবরণ করেন এই মহান শিল্পী।
