গাজীপুরে ছিনিয়ে নেওয়া ২১০ বস্তা চালসহ গ্রেপ্তার ৬
গাজীপুর সিটি করপোরেশন এলাকা থেকে ছিনতাই হওয়া ২১০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে।
গ্রেপ্তার ছয়জন হলেন- হায়দারাবাদ জনতা বাজার এলাকার সদু মিয়ার ছেলে হাসিফ (২২), হারবাইদ এলাকার বাবুল মিয়া (৩৫), নেত্রকোনার পূর্বধলার রমিজ উদ্দিন (১৮), নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ইকবাল হোসেন (২৬), শেরপুরের নরসিংহপুরের রফিকুল ইসলাম (৩০) এবং ময়মনসিংহের নান্দাইলের আব্দুল খালেক (২৭)।
এসআই আলী জানান, ২৩ ডিসেম্বর আলাল অ্যাগ্রোফুড নামে একটি প্রতিষ্ঠানে ৩০৫ বস্তা চাল ট্রাকে করে বগুড়ার শেরপুর থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে একটি ছিনতাইকারী চক্র ওই ট্রাক আটকে চালক ও তার সহকারীকে পিটিয়ে অন্য একটি ট্রাকে করে চাল নিয়ে পালিয়ে যায়।
ওই কোম্পানির পক্ষ থেকে এ ব্যাপারে শেরপুর থানায় একটি মামলার পর অনুসন্ধানে নামে পুলিশ।
অনুসন্ধানে পাওয়া তথ্যে রোববার রাত সাড়ে ৩টার দিকে হায়দারাবাদ এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে চাল উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
