২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা উদ্ধারে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ

প্রতারণা করে ‘আত্মসাৎ’ করা ছয় লাখ টাকা উদ্ধারে মোবাইল ফোনের মাধ্যমে পাতা প্রেমের ফাঁদে ধরা পড়ে অপহৃত চট্টগ্রামের এক ব্যবসায়ীকে চার দিন পর ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 01:49 PM

Updated : 25 Apr 2022, 05:09 PM

উদ্ধার মো. মিজানুর রহমানের (২৮) চট্টগ্রাম নগরীতে বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় সাজেদা সুপার মার্কেটে একটি টেলিকমের দোকান রয়েছে। তিনি চট্টগ্রামের জোরারগঞ্জ থানার মধ্যম জামালপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

অপহরণে জড়িত অভিযোগে সাইফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তিকে শুক্রবার ফেনী পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ওসি মো. মহসিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিজ্ঞাসাবাদে সাইফুল অভিযোগ করেছেন, চার বছর আগে মিজান দুবাইয়ের জাল ভিসা দিয়ে তাদের তিনজনের কাছ থেকে ছয় লাখ প্রতারণার মাধ্যমে আত্মসাত করেছিলেন।”

২০১০ সালে দুবাইয়ে ছিলেন মিজানুর। তখন আত্মীয়-স্বজনের মাধ্যমে বিদেশ নেওয়ার কথা বলে ইসলাম ও ইউসুফসহ তিনজনের কাছ থেকে মোট ছয় লাখ টাকা তিনি নেন বলে অভিযোগ তার বিরুদ্ধে।  

তিনজনকে জাল ভিসা দেওয়া মিজানুর ওই বছরের সেপ্টেম্বরে দেশে ফিরে এলেও ঠিকানা অনুযায়ী তার খোঁজ পাচ্ছিলেন না বলে জানান সাইফুল।  

তিনি পুলিশকে বলেছেন, পরে মিজানুরের শহরের ঠিকানা জানতে পেরে ইউসুফের এক খালাত বোনকে দিয়ে টেলিফোনে প্রেমের ফাঁদ পাতা হয়। ওই মেয়ের ফোন পেয়েই ২৩ ডিসেম্বর রাতে ঢাকার উদ্দেশে রওনা হন মিজানুর।

ঢাকার গুলশানে পৌঁছলে তাকে আটকে রাখে সাইফুল। সেখান থেকে তাকে ফেনীতে নেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা মহসিন জানান, এ ঘটনায় ২৪ ডিসেম্বর বাকলিয়া থানায় একটি অভিযোগ করেন মিজানুরের খালাত ভাই বেলাল হোসেন।

অভিযোগে বেলাল হোসেন বলেন, মিজানকে অপহরণের পর ২৪ ডিসেম্বর দুইবার দুটি ভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ অভিযোগ পেয়ে পুলিশ অনুসন্ধান শুরু করে এবং শুক্রবার ফেনী পৌরসভা এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করে মিজানকে উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, “প্রাথমিক তথ্য প্রমাণে সাইফুলসহ ওই তিনজনের প্রতারিত হওয়ার সত্যতা পাওয়া গেছে। কিন্তু টাকা আদায়ের কোনো বৈধ পন্থা এটা নয়।”