২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধানক্ষেতে উঠে পড়া লঞ্চের যাত্রীরা নিরাপদে

‘দিক হারিয়ে’ নদী তীরে ধানক্ষেতে উঠে যাওয়া ঢাকা-বরিশাল রুটের লঞ্চটির যাত্রীরা নিরাপদে নেমে এসেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2014, 11:11 AM

Updated : 22 Aug 2022, 08:10 PM

দুর্ঘটনার সময় দীপরাজ নামে লঞ্চটিতে অন্তত দুই হাজার যাত্রী ছিলেন। দুর্ঘটনাস্থলটি বরিশাল শহরের কাছে হওয়ায় লঞ্চের যাত্রীদের কেউ নিজ উদ্যোগে সড়ক পথে ঢাকার পথে রওনা হন।

কেউ কেউ যানবাহন না পেয়ে যাত্রা স্থগিত করে বাড়ি চলে যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি মাহবুবুর রহমান।

শুক্রবার রাতে বরিশাল থেকে এটিই ছিল ঢাকামুখী শেষ লঞ্চ। শনিবার সকাল ১০টা পর্যন্ত এটি তীরে আটকা অবস্থায়ই ছিল।

দ্বীপরাজের বরিশাল কার্যালয়ের ব্যবস্থাপক নিয়াজ মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরের দিকে বিআইডব্লিউটিএর একটি টাগবোট আসার কথা রয়েছে। ওই টাগবোট দিয়ে টেনে লঞ্চটিকে ধানক্ষেত থেকে টেনে নদীতে নামানো হবে।”

অন্ধকার ও কুয়াশার কারণে লঞ্চটি দিক হারিয়ে ফেলে বলে পুলিশের ধারণা। অবশ্য লঞ্চ কর্তৃপক্ষ বলছে, মাস্টার ইচ্ছে করেই ঘটনাটি ঘটিয়েছেন।

নিয়াজ মোর্শেদ বলেন, “মাস্টার আক্তার হোসেন ইচ্ছে করেই এ ঘটনা ঘটিয়েছে। সে প্রায়ই অন্য লঞ্চের সঙ্গে প্রতিযোগিতায় মেতে উঠে। এ জন্য সকালে তাকে বকাঝকা করা হয়েছিলে। এতে ক্ষিপ্ত হয়েই সে এ কাণ্ড ঘটিয়েছে।”

এ ব্যাপারে কথা বলতে মাস্টার আক্তার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

যাত্রীদের বরাত দিয়ে কাউনিয়া থানার এসআই ফরহাদ হোসেন জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বরিশাল লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে দীপরাজ।

কিছুক্ষণ চলার পর রাত ৯টার দিকে ঝাঁকুনি দিয়ে সেটি কীর্তনখোলা নদীর সদর উপজেলার চরআবদানি এলাকায় একটি ধান খেতে উঠে যায়।

পুরনো খবর:

যাত্রীবাহী লঞ্চ উঠে পড়ল ধানক্ষেতে