উত্তরের দুই জেলায় কম্বল বিতরণ
কুড়িগ্রাম ও নীলফামারীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে কয়েকটি সংগঠন।
বৃহস্পতিবার কুড়িগ্রামের ভুরুঙ্গামারী প্রেসক্লাব চত্বরে ২৫০ জন শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করে ‘হেলপিং ফর এডুকেশন এন্ড লোয়ার পিপলস’ নামে একটি সংগঠন।
ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে বলে জানান ভুরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াসিন, উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক জাফর আলী, মোহাম্মদ মুরাদসহ সংগঠটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে, নীলফামারীর ডোমারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে 'বামুনিয়া পিপল লাইফ কেয়ার' নামের একটি সংস্থা।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৬০ জন হতদরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনরঞ্জন রায়।
এ সময় বামুনিয়া পিপল লাইফ কেয়ারের ব্যবস্থাপক মোজাদ্দেদ আলফে সানীর, নির্বাহী পরিচালক রতনুজ্জামান, ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।
