২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কৃষিঋণ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বরগুনার একটি আদালতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2014, 04:27 PM

Updated : 22 Aug 2022, 08:09 PM

সোমবার মো. আবুল বাশার নামের এক ব্যক্তি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।

বাদীর আইজীবী মো. জাবির হোসেন বলেন, বিচারক পাথরঘাটা থানার ওসিকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

আসামিদের মধ্যে রয়েছেন সোনালী ব্যাংক লিমিটেডের বরগুনার পাথরঘাটা শাখার সাবেক ব্যবস্থাপক মো. সামসুল হক ও মাঠকর্মী গোলাম সরোয়ার। বাকিদের নাম জানা যায়নি।

মো. সামসুল হক বর্তমানে বরগুনা কোর্ট বিল্ডিং শাখায় এবং গোলাম সরোয়ার মাঠকর্মী হিসেবে পাথরঘাটা শাখায় কর্মরত রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মো. আবুল বাশারের নামে গত ৭ অগাস্ট সোনালী ব্যাংক লি. পাথরঘাটা শাখায় একটি ভুয়া কৃষিঋণ উত্তোলন করা হয়।

পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের ছোটটেংরা গ্রামের ঠিকানা দিয়ে ওই ঋণের ৩০ হাজার টাকা মঞ্জুর করা হয়েছে।

মঞ্জুর করা এ টাকা সোনালী ব্যাংকের স্থানীয় ৫ দালাল ও মাঠকর্মী গোলাম সরোয়ারের সহযোগিতায় পাথরাঘাটা শাখার সাবেক ব্যবস্থাপক মো. সামসুল হক আত্মসাত করেছেন।

ব্যাংকে জমা দেওয়া ওই ঋণ গ্রহীতার জাতীয় পরিচয়পত্র, জমিজমার কাগজপত্র ও পর্চা নকল করে এ ঋণ উত্তোলন করা হয়।

মামলার বাদী মো. আবুল বাশার জানান, ঋণের ওই ৩০ হাজার টাকা ব্যবস্থাপক মো. সামসুল হক ও মাঠকর্মী গোলাম সরোয়ারসহ তারা নিজেরাই ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

এ ব্যপারে মো. সামসুল হক জানান, মামলা হয়ে থাকলে তা ভালো। এখন আদালত মামলার ফয়সালা দেবে।