চাঁদপুরে উপজেলা নির্বাচনে বিশৃঙ্খলা, দুই কেন্দ্র স্থগিত
চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে বিশৃঙ্খলা ও গোলযোগের কারণে দুটি কেন্দ্রে ভোটগ্রহণ পুরোপুরি স্থগিত করে দিয়েছে প্রশাসন।
এছাড়া আরও তিনটি কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
এদিকে, অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান।
মঙ্গলবার সকাল ৮টায় হাইমচর উপজেলা নির্বাচনে মোট ৩১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে।
পুরোপুরি স্থগিত কেন্দ্রগুলো হল- চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় ও সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাময়িক স্থগিত রাখা হয়েছে পশ্চিম চরকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিতলমারি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জামিলিয়া মহিলা দাখিল মাদ্রাসা কেন্দ্র।
সিপাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা ও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
ওই কেন্দ্রে দায়িত্বে থাকা এসআই মো. সাঈদ হোসেন বলেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তবে কেউ আটক হয়নি।
বাকি চারটি কেন্দ্রেও প্রতিপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিশৃঙ্খলা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদ।
পরে বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলন করে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তা বর্জনের ঘোষণা দেন চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর।
এ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদেরমধ্যে বিএনপি সমর্থক মোখলেসুর ছাড়াও চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সমর্থক নূর হোসেন পাটোয়ারি।
