২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বিজয় সমাবেশ

বাংলাদেশের বিজয়ের ৪৩তম বার্ষিকী সাড়ম্বরে উদযাপন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নিউ ইয়র্ক প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2014, 01:56 AM

Updated : 13 Oct 2022, 12:56 PM

১৬ ডিসেম্বর মঙ্গলবার প্রথম প্রহরে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের সুগন্ধা রেস্টুরন্ট মিলনায়তনে ‘বঙ্গবন্ধু প্রজন্ম লীগ’র উদ্যোগে এক আলোচনা সভা হয়, যাতে যুক্তরাষ্ট্রের নানা স্থান থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকরা যোগ দেন। 

সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত আশরাফুজ্জামান খানকে বাংলাদেশে ফেরানোর পদক্ষেপ নেওয়ার তাগিদ জানান। জামায়াতে ইসলামীর জোট শরিক বিএনপির নেত্রী খালেদা জিয়ার সমালোচনাও করেন তারা।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি মো. কাদের মিয়ার সভাপতিত্বে এ সমাবেশে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এ মোমেন বক্তব্য রাখেন।

এতে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম। বক্তব্য রাখেন প্রদীপ রঞ্জন কর, আওয়ামী লীগ নেতা নূরনবী কমান্ডার, জাকারিয়া চৌধুরী, এন আমিন, খুরশেদ আনোয়ার বাবলু, মশিউল আলম জগলু, আকতার আহমেদ চৌধুরী, সরাফ সরকার, তারিকুল হায়দার চৌধুরী, বাহার খন্দকার সবুজ, শিবলী সাদিক শিবলু, ইসমত হক খোকন।

রাষ্ট্রদূত মোমেন বলেন, ‘দুষ্ট লোকেরা’ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওই সব লোকেরা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি দেখেও না দেখার ভান করে রয়েছেন।

তিনি জানান, জাতিসংঘ সাধারণ অধিবেশনে ১৫ ডিসেম্বর বাংলাদেশ কর্তৃক পেশকৃত ‘শান্তির সংস্কৃতি’ প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহিত হয়েছে।

এ বছর ৯৭টি দেশ বাংলাদেশের সঙ্গে এই প্রস্তাবের কো-স্পন্সর ছিল। ২৫টি দেশ এই প্রস্তাবের ওপর বক্তব্য দিয়েছে।

“দেশের রাজনৈতিক টানা পোড়েনের মাঝে এবং নেতিবাচক প্রচারের পরও বিশ্ব নেতৃবৃন্দের বিপুল সমর্থন এটাই প্রমাণ করে যে বাংলাদেশের নেতৃত্বের প্রতি বিশ্ববাসীর গভীর আস্থায় কোনো ফাটল ধরেনি,” বলেন মোমেন।