২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি স্কুলছাত্রী হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগের বিচার দাবি

রাঙামাটিতে দুদিনে পাহাড়িদের বাড়িতে অগ্নিসংযোগ ও স্কুলছাত্রী ছবি মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামের দুটি সংগঠন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 07:48 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর ও শাপলা চত্বর থেকে পৃথক মিছিল নিয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের কর্মীরা।

সভায় হিল উইমেন্স ফেডারেশন জেলা সভাপতি মিশুক চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে ডজনের অধিক গণহত্যায় জড়িত সেটলারদের (পুনর্বাসিত) এখনও বিচার হয়নি। আজ আবার নানিয়ারচরে সেটলার কর্তৃক পাহাড়িদের দোকান-পাট ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় নতুন মাত্রা যোগ হলো।

এছাড়া ছবি মারমাকে হত্যা, পাহাড়িদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক রতন স্মৃতি চাকমা, হিল উইমেন্স ফেডারেশন জেলা সভাপতি মিশুক চাকমা প্রমুখ।

সোমবার রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি গ্রামের চিৎমরম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছবি মারমাকে হত্যা করে দুর্বৃত্তরা। একদিন পর (মঙ্গলবার) নানিয়ারচর উপজেলায় আনারস বাগান কাটা নিয়ে পাহাড়িদের অর্ধশত বাড়িঘর ও দোকানে অগ্নিসংযোগ করে বাঙালিরা।