ঝিনাইদহের সাবেক সাংসদ আজিজ মারা গেছেন
ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য ও জেলা গভর্নর মুক্তিযোদ্ধা জে কে এম এ আজিজ (৮৬) মারা গেছেন।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
আসরের নামাজের পর পৌর কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।
শহরে তার দীর্ঘদিনের পরিচিতরা জানান, জে কে এম এ আজিজ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
১৯৬৫ সালে তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
১৯৭০ সালে ঝিনাইদহ-৪ আসন খেকে প্রাদেশিক পরিষদ ও ১৯৭৩ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
১৯৭৫ সালে তিনি ঝিনাইদহ জেলা গভর্নর নিযুক্ত হন।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর তিনি ভারত চলে যান। পরে দেশে ফিরে আবার দলে সক্রিয় হন।
তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।
