২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা-ভালোবাসায় চট্টগ্রামে বিজয় দিবস উদযাপন

শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় নানা আয়োজনে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে বিজয় দিবস।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2014, 02:32 PM

Updated : 13 Oct 2022, 12:55 PM

বিজয়ের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সমবেত হন রাজনীতিক, পেশাজীবী আর সাধারণ মানুষ।

মঙ্গলবার প্রথম প্রহরে পুলিশের একটি চৌকস দলের অভিবাদন জানানোর মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। তার আগে রাত ১১টার পর থেকেই দলে দলে মানুষ শহীদ মিনারে সমবেত হতে থাকে।

একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা ‍জানান ভূমি প্রতিমন্ত্রী ‍সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ, মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

নগর আওয়ামী লীগের পক্ষে শহীদ মিনারে ফুল দেন সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, নগর বিএনপির পক্ষে সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।

পরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল, ওর্য়ার্কাস পার্টি, জেলা আইনজীবী সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, চট্টগ্রাম শিক্ষাবোর্ড, ফায়ার সার্ভিস, বন বিভাগ, চট্টগ্রাম জেলা পরিষদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা পুলিশ, রেল পুলিশ ও আনসারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে হাজারো মানুষের ঢল নামে।

সকালেও শহীদ মিনারে ছিল সাধারণ মানুষের ভিড়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সময় শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সোমবার রাত থেকেই নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে বাজতে থাকে বিজয়ের গান।

বিজয়ের মাসে চট্টগ্রাম এম এ আজিজ আউটার স্টেডিয়ামে চলছে মাসব্যাপী বিজয় মেলা। সেখানে সকাল থেকেই ছিল সাধারণ মানুষের ভিড়।

এছাড়া চেরাগী পাহাড় মোড়ে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে চলছে মুক্তিযুদ্ধের স্থিরচিত্র প্রদর্শনী। নগরীর ডিসি হিলে চলছে মুক্তিযুদ্ধের বই মেলা।