কাফরুলে বিএনপি নেতার মৃত্যু, খুনের গুজব
রাজধানীর কাফরুলে বিএনপির এক নেতার মৃত্যুতে গুঞ্জন ছড়ালেও তা গুজব বলে উড়িয়ে দিয়েছে পুলিশ।
মৃত নাছির উদ্দিন (৪৫) ঢাকার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ছিলেন।
পুলিশ জানায়, সোমবার সকালে উত্তর ইব্রাহিমপুরের বাসায় অসুস্থ হলে পরিবারের সদস্যরা নাছিরকে মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিলে দুপুরে তিনি মারা যান।
রাত ৮টায় নাছিরের জানাজার সময় খবর ছড়িয়ে পড়ে যে ইব্রাহিমপুরে বিএনপির এক নেতাকে খুন করা হয়েছে।
এই খবর পেয়ে কাফরুল থানা পুলিশ রাতে নাসিরের ৪৪৯, উত্তর ইব্রাহিমপুরের বাড়িতে যান।
ওসি আব্দুল কাইয়ুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নাসিরের মৃত্যু স্বাভাবিক। তার শরীরে কোনো ধরনের সন্দেহজনক কিছু নেই। অসুস্থ হলে নিহতের বড় ছেলে হাসপাতালে নিয়ে যায়।”
পরিবার থেকে কোনো ধরনের অভিযোগ করা হয়নি বলে জানান ওসি।
