২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে মজীনার বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 06:26 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মজীনা সোমবার বিকালে বঙ্গভবনে যান। বাংলাদেশে তার উত্তরসূরি হিসেবে ইতোমধ্যে মার্সিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের নাম চূড়ান্ত হয়েছে।  

রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় ড্যান মজীনা বলেছেন, তার কাজের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের পূর্ণাঙ্গ সহযোগিতা পেয়েছেন।”

বাংলাদেশ থেকে ‘অনেক কিছু’ শিখেছেন উল্লেখ করে এদেশের মানুষের প্রশংসা করেন মজীনা।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ‘ভালো’ উল্লেখ করে তিনি বলেন, “আমরা এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।”

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমুদ্র নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্যখাত বিভিন্ন বিষয়ে কাজের অংশীদারিত্ব রয়েছে বলেও উল্লেখ করেন মজীনা।

বাংলাদেশের বিভিন্ন জেলা সফরের অভিজ্ঞতাও তিনি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। রাষ্ট্রপতিও তার এই জেলা সফরের প্রশংসা করেন।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে মজীনার ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা করছেন।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে সবসময় বন্ধু হিসেবে পাশে পাবে বলেও আবদুল হামিদ আশা প্রকাশ করেন।

জাবি উপাচার্যের সাক্ষাৎ

রাষ্ট্রদূত মজীনার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাক্ষাতের সময় বিশ্ববিদ্যালয়টির প্রথম নারী উপাচার্য শিক্ষা প্রতিষ্ঠানটির একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেশন জট নেই বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আসন্ন পঞ্চম সমাবর্তনে আমন্ত্রণ জানান ফারজানা ইসলাম।

রাষ্ট্রপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেশন জট না থাকার কথা শুনে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।