বিচারকের ক্রেডিট কার্ড চুরি: বীমাকর্মী অভিযুক্ত
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক বিচারকের ক্রেডিট কার্ড চুরি করে কেনাকাটার অভিযোগে এক বীমাকর্মীর বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম হাসিবুল হক সোমবার জুবাইদা সুলতানা নামে ওই বীমাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
এ মামলায় সাক্ষ্য নেওয়ার জন্য বিচারক আগামী ১৫ মার্চ দিন ঠিক করে দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আজাদ রহমান।
অভিযুক্ত জুবাইদা সুলতানা মেঘনা লাইফ ইনস্যুরেন্সের বীমা প্রতিনিধি। চট্টগ্রামের
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এএইচএম সামসুদ্দিন চৌধুরীর ক্রেডিট কার্ড চুরি করে কেনাকাটা করার অভিযোগে গত ২০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে এ মামলা করেন বিচারপতির স্ত্রী সাবেরা আহমেদ চৌধুরী।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই মাহমুদুল হাসান গত ৩১ অক্টোবর দণ্ডবিধির তিনটি ধারায় জুবায়দার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৭ জুন বিকাল ৪টার দিকে বিচারকের স্ত্রী সাবেরা আহমেদ চৌধুরী সন্তানদের নিয়ে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে একটি খাবারের দোকানে যান। সেখানে তিনি স্বামীর ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে বিল পরিশোধ করেন।
কিছু সময় পরে ব্যাংক থেকে মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে তাকে জানানো হয়, ওই কার্ড ব্যবহার করে কে বা কারা বনানীর ১১ নম্বর রোডের ফার্মেসি প্লাস থেকে ২০ হাজার পাঁচশ ২৬ টাকা, গুলশানের অ্যাস্টোরিয়ান থেকে ১৬ হাজার ৯৮৩ টাকা, পশ অ্যান্ড সিল্ক থেকে ২৫ হাজার ৫০০ টাকা এবং শপার্স ওয়ার্ল্ড থেকে ২১ হাজার ৯৬৬ টাকাসহ মোট ৮৪ হাজার ৯৭৫ টাকার কেনাকাটা করেছে।
এরপর বিচারকের স্ত্রী কার্ড খুঁজে না পেয়ে ওই দিনই বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ২০ সেপ্টেম্বর জুবাইদা সুলতানাকে আসামি করে একটি মামলা করেন তিনি।
জুবাইদাকে গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেয় বনানী থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা সিসিটিভিতে ধারণ করা ভিডিও দেখে আসামিকে সনাক্ত করেন এবং পরে তার কাছ থেকেই হারানো ক্রেডিট কার্ড এবং সেটি ব্যবহার করে কেনা বিভিন্ন মালামাল জব্দ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
