২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির কষ্টে বেগুনবাড়িবাসী

কয়েক মাস আগে নতুন সরবরাহ লাইন বসানোর পরও রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার দক্ষিণ বেগুনবাড়ির বাসিন্দারা ঠিকমত পানি পাচ্ছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 01:42 PM

Updated : 22 Aug 2022, 08:06 PM

মাঝে মাঝে পানি এলেও তা খাওয়া কিংবা ব্যবহারের উপযোগী নয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

কবে নাগাদ এ সমস্যা দূর হবে সে বিষয়ে কিছু বলতে পারছে না ওয়াসা কর্তৃপক্ষ।

স্থানীয় বাসিন্দা এস এ মনসুর জানান, নতুন পাইপলাইন বসানোর পর প্রথম দিকে এলাকায় পানির সরবরাহ ঠিক ছিল। কিন্তু গত প্রায় ১৫ দিন ধরে তারা নিয়মিত পানি পাচ্ছেন না।

১/৪/২ দক্ষিণ বেগুন বাড়ির চতুর্থ তালার এক ভাড়াটিয়া জানান, কয়েকদিন ধরে তারা জারের পানি কিনে কোনোমতে কাজ চালিয়ে নিচ্ছেন।

আরেকটি বাড়ির মালিক বলেন, “প্রথমে কয়েকদিন ওয়াসার লাইনে পনি আসা বন্ধ থাকলেও পরে কিছুদিন ময়লা পানি এসেছিল। এখন একেবারেই পানি আসছে না।”

সাধারণত যে ঠিকাদারী প্রতিষ্ঠান পাইপ বসানোর কাজ করে, তাদেরই প্রকল্পের কাজ চলার সময়ে সংশ্লিষ্ট এলাকায় পানি সরবরাহ করার কথা।

কিন্তু এ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন ঠিকমত পানি সরবরাহ করছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আলমগীর নামে একজন জানান, “কাজ চলার সময় আমাদের পানি দেওয়ার কথা ছিল বলে শুনেছি। কিন্তু সেটা আমাদের জানানো হয়নি। এখন জানতে পেরে ওয়াসা ও ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানালেও পানি পাওয়া যাচ্ছে না।”

একই অভিযোগ করলেন এলাকার সাবেক কমিশনার রুহুল আমিন ভূইয়া জাহাঙ্গীর।

“পানি না পেয়ে ওয়াসায় ফোন করে জানলাম বিশ্ব ব্যাংকের টাকায় নাভানা এখানে কাজ করছে।কাজ করার সময় পানি দেওয়ার কথা থাকলেও তারা ঠিকমত দিচ্ছে না। তাদের অনেক বার ফোন করে পানি আনাতে হয়েছে।”

নাভানার এ প্রকল্পের প্রকৌশলী বিএম ফয়েজ উদ্দিন বলছেন, নতুন সরবরাহ লাইন বসানোর পর বিভিন্ন সময় তা পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এ কারণে পানির সমস্যা হতে পারে।

“আমরা লাইন পরিবর্তন করেছি। মাঝে মাঝে টেস্ট করি, তখন সমস্যা হয়। এটা ঠিক হয়ে যাবে।”

কবে নাগাদ সমস্যা মিটবে জানতে চাইলে তিনি নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেননি। তবে সরবরাহ লাইন পরীক্ষার কাজ ছয় মাস চলবে বলে তিনি জানান।

এলাকায় পানি সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, “সমস্যা তো সমাধান হয়ে যাওয়ার কথা ছিল, কেন হচ্ছে না আমরা জানি না।”

নাভানার ডেপুটি প্রজেক্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ফারুক গত শনিবারও বলেন, “সমস্যা ঠিক হয়ে যাবে। আমরা মাঝে মাঝে পানি সরবরাহ করব।”

কিন্তু সোমবার পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়নি বলে স্থানীয়রা জানান।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাসনিম এ খান বলেন, লাইন পরিবর্তনের কাজের জন্যই পানির সমস্যা হচ্ছে।

মানুষ পানি পাচ্ছে না জানালে উত্তেজিত হয়ে তিনি যারা পানি না পাওয়ার কথা বলেছেন তাদের নাম জানতে চান।

</div>  </p>