২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নিরাপত্তা কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর মিরপুরে বেসরকারি প্রতিষ্ঠানের এক নিরাপত্তা কর্মীকে ‍কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2014, 11:48 AM

Updated : 25 Apr 2022, 05:07 PM

নিহত মো. শাহজাহান (৬০) মিরপুরের আহমেদ ফুড প্রোডাক্টস নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, মিরপুরের পূরবী সিনেমা হলের পেছনে আহমেদ ফুড প্রোডাক্টসের কার্যালয়ে রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন শাহজাহান। সকালে ইসমাইল হোসেন নামে আরেক নিরাপত্তাকর্মী কাজে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং হাসপাতালে নিয়ে আসে।

নিহতের মুখে, গালে ও মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে বলে মোজাম্মেল হক জানান।

কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বা কারখানার কিছু খোয়া গেছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি হাসপাতাল পুলিশের পরিদর্শক মোজাম্মেল।