নিউ ইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
যুদ্ধাপরাধী এবং জামাত-শিবির মুক্ত বাংলাদেশের স্লোগানকে সামনে নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন।
স্থানীয় সময় ১৪ ডিসেম্বর রাত ১২টা এক মিনিটে হাড়কাঁপানো শীত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত প্রবাসীরা জড়ো হন নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায়।
অন্যান্য বছরের মত এবারো শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে এই কর্মসূচির আয়োজন করে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’র উত্তর আমেরিকা শাখা।
কর্মসূচির মধ্যে ছিলো প্রথম প্রহরে আলোক যাত্রা, ‘বাঙালির সাংস্কৃতিক সংগ্রামের স্বরূপ: স্বদেশ ও অভিবাস’ শীর্ষক সেমিনারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও ছিলো শহীদ বুদ্ধিজীবীদের ছবি একে তার প্রেক্ষাপট বর্ণনা এবং বুদ্ধিজীবীদের গ্রেপ্তার এবং নির্মমভাবে হত্যার কাহিনী।
এর আগে ছিলো দেশের ও প্রবাসের জনপ্রিয় চিত্রশিল্পীদের নিয়ে বুদ্ধিজীবী দিবস ও মুক্তিযুদ্ধ বিষয়ক ছবি আঁকা। ছবি আঁকার কর্মসূচি শুরু হয়েছিল এক সপ্তাহ আগে।
আলোকযাত্রা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী স্বপ্না কায়সার এবং ভায়োলিন বাজান শ্রুতি কনা দাস।
আর সেমিনারে বছর অনুযায়ী সাংস্কৃতিক আন্দোলন, সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরে বুদ্ধিজীবীদের কথন তুলে ধরেন আবীর আলমগীর, মুমু আনসারী, জি এইচ আরজু, মিজানুর রহমান বিপ্লব, সাবিনা উর্বি, মোহাম্মদ বসুনিয়া, সেমন্তি ওয়াহিদ, কান্তা আলমগীর ও সিসিলিয়া।
মিথুন আহমেদের সভাপতিত্বে এবং মিনহাজ আহমেদ সাম্মুর পরিচালনায় সেমিনারে কুলদা রায়ের মূল প্রবন্ধ উপস্থাপনা করেন লুৎফুন্নাহার লতা এবং আলোচনায় অংশ নেন বিশিষ্ট নাট্যকার এবং একুশে পুরস্কারপ্রাপ্ত জামাল উদ্দিন হোসেন, মুক্তিযোদ্ধা নূরন্নবী বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, সাংবাদিক শিতাংশু গুহ।
আলোক শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নূরন্নবী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন দেওয়ান এবং আব্দুল হাসিব মামুনসহ প্রমুখ।
