২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে তেলের জাহাজডুবি: ক্ষতি উত্তরণে আগ্রহী ইইউ

ট্যাংকার ডুবে সুন্দরবনে তেল ছড়িয়ে পড়ার ‘সুদূরপ্রসারী ক্ষয়ক্ষতি থেকে উত্তরণে’ সহযোগিতার করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2014, 08:32 PM

Updated : 22 Aug 2022, 08:05 PM

রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে সাক্ষাৎ করে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন এই আগ্রহ প্রকাশ করেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ৯ ডিসেম্বর শেলা নদীতে কার্গোর ধাক্কায় সাড়ে ৩ লাখ লিটার ফার্নেস অয়েলবাহী একটি অয়েল ট্যাংকার ডুবে গেলে তেল ছড়িয়ে পড়ে এই বিশ্ব ঐতিহ্যের মধ্যে থাকা নদী ও খালগুলোতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনা কবলিত জাহাজ থেকে সুন্দরবনে ছড়িয়ে পড়া তেলে মৎস্য ও প্রাণিসম্পদসহ জীববৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব নিরূপণ এবং সুদূরপ্রসারী ক্ষয়ক্ষতি থেকে উত্তরণের জন্য ইইউ সহযোগিতার আগ্রহপ্রকাশ করেছে।

ছায়েদুল হক বঙ্গপোসাগরের গভীর সমূদ্রে মৎস্য আহরণ, মৎসসম্পদ রক্ষা এবং বাংলাদেশ সমুদ্রসীমায় বিভিন্ন দেশের জেলেদের অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বিভিন্ন আধুনিক সরঞ্জাম সরবরাহে ইইউর সহযোগিতা চান।

ইইউ রাষ্ট্রদূতকে মন্ত্রী জানান, বাংলাদেশে বিশ্বের সবচেয়ে সুস্বাদু এবং পুষ্টিগুণসম্পন্ন চিংড়ি উৎপাদিত হয় এবং চিংড়ি রপ্তানির ৬০ শতাংশ রপ্তানি হয় ইউরোপিয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে।

ইইউভু্ক্ত দেশগুলোতে চিংড়ির বাজার সম্প্রসারণের রাষ্ট্রদূদের কাছে আরো সহযোগিতা চান মৎস্যমন্ত্রী।