গয়নার দোকানে ডাকাতি: বাবলু ৪ দিনের রিমান্ডে
চট্টগ্রামে বোমা ও গুলি ছুড়ে দুটি গয়নার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ইমতিয়াজ উদ্দিন বাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।
রোববার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়তলী থানার অস্ত্র মামলায় বাবলুকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে বন্দরনগরীর জিপিওর সামনে অপরূপা জুয়েলার্স ও গিনি গোল্ড জুয়েলার্স নামে দুটি গয়নার দোকানে গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা হয়।
গুলি ও বোমা বিস্ফোরণে আহত হন অন্তত ১৩ জন, যাদের মধ্যে দুজনকে ডাকাত দলের সদস্য হিসাবে চিহ্নিত করেছে পুলিশ।
ওই ঘটনার পর রাত পৌনে ১০টার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি নেওয়াজ হোটেল মোড় থেকে ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করে পুলিশ।
একই সময়ে পাহাড়তলী থানাধীন সাগরিকা মোড় চেকপোস্ট থেকে গুলি ও রিভলবারসহ বাবলুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল থেকে গ্রেপ্তার করা হয় কালাম ও মনির নামে আরো দুজনকে।
ডাকাতির ঘটনায় পাহাড়তলী ও কোতয়ালী থানায় দুটি মামলায় আসামি করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, ‘গিনি গোল্ড ফ্যাশন জুয়েলার্সের’ মালিক রূপন কান্তি ধর শনিবার গভীর রাতে ১০ জনকে আসামি করে নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা করেন।
আর পুলিশের এসআই একে ফজলুল হক অন্য মামলাটি দায়ের করেন নগরীর পাহাড়তলী থানায়, যাতে বাবুলসহ দুজনকে আসামি করা হয়েছে।
মামলার বাকি আসামিরা হলেন- মো. শাহজাহান, ফোরকান হাওলাদার, জাকির হোসেন লিটন, মো. সোহাগ, মো. হাসান, মো. মাসুদ ও কানা।
পাহাড়তলী থানার এএসআই সঞ্জয় জানান, গ্রেপ্তারের সময় বাবলুর সঙ্গে আরেকজন ছিল। কিন্তু পুলিশ চেকপোস্টে রিকশা থামানোর সংকেত দেওয়া হলে অন্যজন পালিয়ে যায়।
পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই দুই জনকেই মামলায় আসামি করা হয়েছে। তবে পালিয়ে যাওয়ায় দ্বিতীয়জনের নাম এজাহারে উল্লেখ করা হয়নি।”
